মোঃ শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০৫ জন। পাসের হার প্রায় ৩৬ দশমিক ৪১ শতাংশ। এসব প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, ভোলাহাট মহিলা কলেজ থেকে ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮২ জন। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।
ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৯ জন। জামবাড়িয়া কলেজে ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ২৭ জন।
এ ছাড়া গোহালবাড়ি ফাজিল মাদ্রাসা থেকে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ জন। খালেআলমপুর আলিম মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২ জন এবং পোল্লাডাঙ্গা আলিম মাদ্রাসায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার আশানুরূপ নয়। বিশেষ করে জামবাড়িয়া কলেজ ও গোহালবাড়ি ফাজিল মাদ্রাসার ফলাফল তুলনামূলকভাবে বেশি হতাশাজনক। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন, যা উপজেলার সার্বিক শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।
শিক্ষার্থীদের প্রত্যাশিত ফলাফল অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতি, শিক্ষকদের ভূমিকা, নিয়মিত পাঠগ্রহণ ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হিসাব অনুযায়ী: মোট পরীক্ষার্থী ৫৬৩ জন, পাস ২০৫ জন, পাসের হার ৩৬.৪১% এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন।