অনলাইন ডেস্ক:
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১ হাজার ৮৩৭ টাকা। তবে সরকারি এই নতুন দর ঘোষণার আগেই খোলা বাজারে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ১৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ অভিযোগ করেন।
তিনি পোস্টে লেখেন, ‘১২ কেজির সিলিন্ডারপ্রতি ২২৩ টাকা দাম বাড়িয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ২০৬০ টাকা। অথচ বাজারে আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকা করে। এর আগে একই দিন সন্ধ্যায় বিইআরসি প্রজ্ঞাপনের মাধ্যমে দর বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, সোমবার রাত ৮টার পর থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
একই আদেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও সংশোধন করেছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজির বাজার বেশ অস্থির হয়ে ওঠে।