চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম।
আটককৃতরা হলেন- জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)। এর মধ্যে শামীমকে জিরাবো এলাকা থেকে এবং হালিম ও মনসুরকে বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
ওসি সাইদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির পেছনে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পরেই তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।