বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবের নভোএয়ার কনফারেন্স হলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত এই বর্ণাঢ্য জন্মদিনের অনুষ্ঠানে তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ শিল্পীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে শোবিজ জগতের তারকাদের সরব পদচারণায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল আলোমুখর। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে তার কাছের প্রিয় শিল্পী, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা অংশ নেন।
জন্মদিনের এই বিশেষ আয়োজনে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত ও জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। এ ছাড়া আরও ছিলেন চিত্রনায়িকা শাবনাজ, চিত্রনায়ক আমিন খান, নাজনীন চুমকি, ঈশিতা, আব্দুন নূর সজল, দীপা খন্দকার, রিচি সোলায়মান, জান্নাতুল সুমায়া হিমি, শিরতাজ জেবিন ও কনক মীম। সঙ্গীতশিল্পীদের মধ্যে রুমানা ইসলাম ও দিঠি আনোয়ার উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে শোবিজ তারকার পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। তাদের মধ্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ‘শেষের কবিতা সিগনেচার বুটিক’-এর কর্ণধার এরীন এম খান এবং তরুণ ব্যবসায়ী শামীম আল হাসান উল্লেখযোগ্য। এছাড়া সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, শান সায়েক, জোবায়ের জাহাঙ্গীর জয়, ইউসুফ আহমেদ খান, তানজিন মিথিলা এবং চলচ্চিত্র পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার সাকিব সনেটও উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ থেকে অভি মঈনুদ্দীনের প্রিয় বন্ধু মো. আনোয়ার হোসেন এবং তার পরিবারের সদস্য হিসেবে স্ত্রী সাবিহা সুলতানা জেমি, দুই কন্যা মাদিহা মার্সিহা ও রিচির মেয়ে ইলমা এই আয়োজনে অংশ নেন।
জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও কিছুটা সময় উপস্থাপনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন মিথিলা ও জোবায়ের জাহাঙ্গীর জয়। সব মিলিয়ে তারকাদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন উদযাপিত হয়েছে।