প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকে নতুন পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থায় কর্মীদের বিদেশ যাওয়ার কোনো খরচ বহন করতে হবে না; বরং সম্পূর্ণ ব্যয় বিদেশি নিয়োগকর্তা অথবা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ডিসেম্বরেই প্রথম দুই থেকে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। সভায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে এই নতুন কার্যক্রমের যাত্রা শুরু করতে চায় মন্ত্রণালয়। এছাড়া নিয়মিত চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করার লক্ষে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য কিছু সার্ভিস চার্জও বাতিল করা হয়েছে।
সরকার চায় দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যেন কর্মী পাঠানোর এই সুযোগ পায়, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে এটি সীমাবদ্ধ থাকবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশি নিয়োগকর্তার চাহিদাপত্র অনলাইনে জমা দেওয়া এবং সংশ্লিষ্ট দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সত্যায়ন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কর্মীদের চাকরির নিশ্চয়তা দিয়ে নিয়োগকর্তার কাছ থেকে অঙ্গীকারনামা সংগ্রহ করে মন্ত্রণালয়ে জমা দিতে হবে এজেন্সিকে।
বিদেশে কর্মী ভোগান্তির বিষয়ে মন্ত্রী জানান, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের পরিকল্পনা চলছে, যা প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করবে। এছাড়া মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি খাতের সুনাম রক্ষায় অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। সেইসঙ্গে কর্মীদের বিদেশের আইনকানুন সম্পর্কে সচেতন করার দায়িত্বও এজেন্সিকে পালন করতে হবে। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।