প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা। শনিবার রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিয়েছেন। দেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতা অর্জনকে একটি ঐতিহাসিক গৌরব বলে অভিহিত করেন। তিনি বলেন, এই গৌরবের পতাকাকে সমুন্নত রেখে স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব। তরুণ প্রজন্মকে স্বাধীনতার মূলমন্ত্র ধারণ করে একটি নিরাপদ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। সরকারপ্রধানের মতে, অভিভাবকদের দায়িত্ব হলো তারুণ্যের সম্ভাবনা বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, যা বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমান উল্লেখ করেন, ইতিহাস সাক্ষী দেয় যে যতবার বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় জাতি ঘুরে দাঁড়িয়েছে। তিনি এই ঐতিহাসিক দিনে গণতন্ত্রকামী জনগণের কণ্ঠে ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—এই দীপ্ত উচ্চারণ তুলে ধরার আহ্বান জানান। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী ও জনতা যেভাবে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল, সেটিকে তিনি জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর হিসেবে বর্ণনা করেন। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিলো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও প্রায় একইভাবে সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়েছিলো। যতবার বাংলাদেশ ৭ নভেম্বরের পথরেখা বিচ্যুত হয়েছে, ততবার দেশ এবং জনগণের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চরম আকার ধারণ করেছিল। তৎকালীন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল জিয়াউর রহমানকে ২ নভেম্বর মধ্যরাতে সপরিবারে গৃহবন্দী করা হয়েছিল। স্বাধীনতার ঘোষককে বন্দি রেখে যে চক্রান্ত শুরু হয়েছিল, তা সিপাহী জনতা ব্যর্থ করে দেয়। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এবং একদলীয় শাসন চাপিয়ে দিতে চেয়েছিল, ৭ নভেম্বরের বিপ্লবে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে।
সরকারপ্রধান আরও বলেন, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র দীর্ঘকাল ধরে চলমান ছিল। তারা মহাজোটের নামে ক্ষমতায় এসে দেশকে তাবেদার রাষ্ট্রে রূপান্তর করেছিল এবং পিলখানায় সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছিল। তবে ২০২৪ সালে বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পরাজিত অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটেছে। তার মতে, ৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সালের আন্দোলন ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই করেছেন, তেমনি ৭৫ সালে দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানে তিনি স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও বলেন, যে দেশের তারুণ্য জাতীয়তাবোধে উদ্বুদ্ধ নয়, সেখানে জাতীয় ঐক্য সুদৃঢ় হওয়া অসম্ভব। ৭১-এর যুদ্ধ, ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ২৪-এর ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রেই দেশের তারুণ্য স্বার্থের প্রশ্নে কখনো আপোষ করেনি।
ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সুযোগ না পায়, সেটিকে এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও আর্থ-সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় ঐক্য বজায় রাখতে হলে ৭ নভেম্বরের চেতনার কোনো বিকল্প নেই। জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল।