কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। চকরিয়া থেকে টমটমে উত্তর হারবাং যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটমচালক জাফর আলম এবং যাত্রী আরহামসহ পাঁচজন আহত হন। সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের সন্তান। একই দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি, খালা উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), খালা উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন।
এদিকে একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহবুবুর রহমান (৬২) নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরা মাহবুবুর রহমান মোটরসাইকেলে করে চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। নিহতের ভাগিনা সাংবাদিক ইলিয়াস আরমান জানান, দ্রুতগতির কোনো যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরবপ্রবাসী। প্রতিদিনের মতো রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তবে দুর্ঘটনাটি সরাসরি কেউ দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।