আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘ সময় ধরে যারা প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষার ঠিক আগমুহূর্তে এসে তাদের মধ্যে একধরনের অস্থিরতা কাজ করা স্বাভাবিক। এই সময়ে অনেকেই নতুন বই, নোট কিংবা প্রশ্নব্যাংকের পেছনে ছুটে নিজেদের আরও দ্বিধান্বিত করে তোলেন। কিন্তু মনে রাখতে হবে, এখন নতুন কোনো বিষয় শেখার চেয়ে ইতিমধ্যে পড়া বিষয়গুলোকে পরিকল্পিতভাবে ঝালিয়ে নেওয়া এবং দুর্বল জায়গাগুলো কাটিয়ে ওঠার সময়। অতিরিক্ত দুশ্চিন্তা বা আতঙ্ক সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই মানসিক স্থিরতা বজায় রাখা জরুরি। এ ছাড়া নার্ভাসনেস এবং সঠিক কৌশলের অভাবে অনেক ভালো প্রস্তুতি সত্ত্বেও পরীক্ষার হল থেকে বের হতে হয় আশানুরূপ পারফর্ম করতে না পারার আক্ষেপ নিয়ে। এরই মধ্যে মোটামুটি সবার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার কথা। এখন শেষ সময়ে ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করার পালা। পরিকল্পিত রিভিশন, নিয়মিত মডেল টেস্ট এবং মানসিক স্থিরতা—এসবের সমন্বয়ই পারে একজন শিক্ষার্থীকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দিতে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা মানেই মূলত জীববিজ্ঞান, এই ধারণা একেবারেই ভুল। জীববিজ্ঞান খুব ভালো পারে না কিন্তু বাকিগুলোতে ভালো করায় সামগ্রিক ফলাফলে মেডিকেলে চান্স পেয়েছে এমন উদাহরণও কিন্তু আছে। হার্ডওয়ার্কের চেয়ে স্মার্টওয়ার্ক বেশি ফলপ্রসূ। এত দিনে প্রশ্নব্যাংকে একবার হলেও সবার চোখ বুলিয়ে নেওয়ার কথা।
প্রস্তুতির উন্নতির জন্য নিয়মিত মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই। প্রথমে অধ্যায়ভিত্তিক এবং পরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান যাচাই করুন। নম্বর দেখে বিচলিত না হয়ে প্রতিটি ভুল বিশ্লেষণ করুন এবং কেন উত্তরটি ভুল হলো তা বোঝার চেষ্টা করুন। শুধু অনলাইনে নয়, বাস্তব উত্তরপত্রে বৃত্ত ভরাট করার অভ্যাস গড়ে তুলুন, অন্যথায় পরীক্ষার হলে ভুল বৃত্ত ভরাট বা সময় ব্যবস্থাপনায় জটিলতার সম্ভাবনা থাকে। এছাড়া অনেক শিক্ষার্থী অন্যের মডেল টেস্টের নম্বর বা পড়ার চাপ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন, যা একদমই অনুচিত। প্রত্যেকের প্রস্তুতির ধরন ভিন্ন, তাই নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলাই আসল কৌশল। নম্বর যেমনই আসুক তা দেখে বেশি সন্তুষ্ট বা হতাশ হলে চলবে না। কিন্তু বুঝতে হবে প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রস্তুতির ধরন ও সামগ্রিক পরিস্থিতি আলাদা। এমনকি একই টপিকে বিভিন্ন লেখকের বইয়ে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় সবগুলো মুখস্থ করেছে। এই স্ট্র্যাটেজি যে মেনে চলবে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে।
রিভিশনের ক্ষেত্রে একাধিক বই অনুসরণ না করে একটি নির্ভরযোগ্য বইকে মূল ভিত্তি হিসেবে বেছে নিন। একই বিষয় বারবার পড়ার ফলে ভিজ্যুয়াল মেমোরি তৈরি হয়, যা পরীক্ষার হলে মনে রাখতে সহায়তা করে। যদিও জীববিজ্ঞানে সর্বোচ্চ নম্বর থাকে, তবে ৩০ নম্বরের প্রস্তুতির পেছনে দৌড়াতে গিয়ে অবশিষ্ট ৭০ নম্বরকে অবহেলা করা বুদ্ধিমানের কাজ নয়। প্রস্তুতির ভারসাম্য বজায় রাখুন। প্রশ্নব্যাংক সমাধানের সময় শুধু উত্তরের দিকে না তাকিয়ে প্রশ্ন কোন টপিক থেকে এসেছে, তা গুরুত্ব সহকারে দেখুন। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, সব অধ্যায়ের গুরুত্ব সমান নয়; স্মার্টওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগেই চিহ্নিত করে ফেলুন। প্রশ্নব্যাংক সমাধান করা মানে কিন্তু শুধু সেই প্রশ্নের উত্তর জানা নয়; বরং প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে, কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত, অপশনগুলো কীভাবে দিয়েছে, এই সবকিছু বিবেচনা করে অধিক গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলাদা করে ফেলতে হবে। যে অধ্যায় থেকে প্রতিবছর একাধিক প্রশ্ন আসে আর যে অধ্যায় থেকে পাঁচ বছরে একটা প্রশ্ন এসেছে—দুটোর গুরুত্ব কখনো সমান হবে না।
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এখন খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং হালকা শারীরিক পরিশ্রম মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। পরীক্ষার আগের দিন পর্যন্ত অতিরিক্ত রাত জেগে পড়াশোনা মস্তিষ্ককে অবসাদগ্রস্ত করে দিতে পারে। দরকার হলে এই সময়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, কারণ এটি অহেতুক মানসিক চাপ তৈরি করতে পারে। পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে উদ্বেগ কিছুটা হলেও কমবে। মনে রাখবেন, পরীক্ষার হলের মূল খেলোয়াড় হলো আপনার মস্তিষ্ক, তাই একে অতিরিক্ত চাপে ফেলা উচিত নয়।
পরীক্ষায় ভালো করার জন্য সময় ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতে ১০০ শতাংশ নিশ্চিত প্রশ্নগুলোর উত্তর করুন। পদার্থবিজ্ঞান বা রসায়নের গাণিতিক সমস্যা শুরুর দিকে না করে সময় সাপেক্ষ কাজগুলো পরে করাই বুদ্ধিমানের কাজ। ৫০-৫০ সম্ভাবনার প্রশ্নের ক্ষেত্রে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে এবং 'এক্সক্লুশন মেথড' প্রয়োগ করে সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করুন। একদমই অজানা প্রশ্ন এড়িয়ে চলাই উত্তম। সাধারণত সব ধরনের প্রশ্নে ৮০+ নম্বরকে সেফ জোন বলা হয়, তবে ৬০-এর নিচে কাটমার্ক আসার নজিরও রয়েছে। তাই কঠিন প্রশ্নে প্যানিক করে ভুল উত্তর দাগিয়ে নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পা দেওয়া যাবে না। এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ২০০ নম্বর যুক্ত থাকে, তাই ভর্তি পরীক্ষায় ভালো করার বিকল্প নেই। প্রশ্ন ও অপশন পড়াসহ এর উত্তর করতে ৫-১০ সেকেন্ড সময় লাগবে।
পরীক্ষার দিন কেন্দ্র ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে আগাম প্রস্তুতি নিন। পরীক্ষার হলে কোনো ধরনের অসঙ্গতি দেখলে শুরুতেই তা সংশ্লিষ্টদের জানান। মেডিকেল ভর্তি পরীক্ষা মাইন্ড গেমের মতো, তাই প্রশ্ন কঠিন হলে ভেঙে না পড়ে ধীরস্থিরভাবে কাজ করুন। 'নিচের কোনটি সত্য নয়'—এমন প্রশ্নগুলোর ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রতিটি বৃত্ত ভরাট করার সময় প্রশ্নের ক্রমিক নম্বরের সঙ্গে উত্তরপত্রের নম্বর মিলিয়ে দেখুন। সাদা অ্যাপ্রোন আর স্টেথোস্কোপের স্বপ্ন পূরণ করতে হলে শেষ মুহূর্তের এই কৌশলগুলো কাজে লাগিয়ে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। পরামর্শগুলো দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সার্জন শাহজিয়া শাহরিন আনিকা।