রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, আগামী বছর থেকে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে। সোমবার (৯ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় প্রশাসক বলেন, সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করার অংশ হিসেবে নিয়মিত করদাতাদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদানের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রাজস্ব আদায়ে কর্মকর্তা-কর্মচারীদের আরও বেশি আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দেন।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন আরও বলেন, নগরবাসীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই কার্যক্রম। এ সময় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, বকেয়া কর আদায় এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিটি হলের এই সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রাসিক সচিব সোহেল রানা এবং স্বাগত বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এছাড়া সভায় রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।