সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি পৃথক মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোররাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ অক্টোবরের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদ আলী (২২)-কে আটক করা হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে। এছাড়া ২০২৬ সালের ৪ মার্চ দায়ের করা জোড়া হত্যা মামলার ১৯ নম্বর আসামি খবির (৪৫)-কে উপজেলার ঘুড়কা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ও মোছা. মোমেনা বেগমের ছেলে।
স্থানীয়ভাবে জানা যায়, গোয়ালপাড়ায় পুকুর নিয়ে বিরোধের জেরে মারামারি ও জোড়া হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খবিরকে আসামি করা হয়েছিল। অভিযানে গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।