নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদনপত্র জমা দেননি বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই অবস্থান স্পষ্ট করেন।
প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, সোমবার সকালে লন্ডনের আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে একটি ই-মেইল পায় হাইকমিশন। সেখানে শেখ হাসিনার জন্য পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়। তবে আবেদনটি শেখ হাসিনার প্রত্যক্ষ অনুমোদনে পাঠানো হয়েছে কি না বা এর সমর্থনে পর্যাপ্ত দলিল রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক কোনো প্রমাণ না পাওয়ায় বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের জন্য ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। সাইদুর রহমান আরও বলেন, ‘যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি ছিল না।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন এবং তারই অংশ হিসেবে আইনজীবীর মাধ্যমে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। তবে হাইকমিশন এই দাবিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হতে চান। আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক পদক্ষেপ শেষ হলেই তার বাংলাদেশে ফেরার ও আত্মসমর্পণের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হবে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।