গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবি সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছান এবং জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচি কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং জেলার একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শন করে।
উত্তপ্ত পরিস্থিতির মুখে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠে বিজিবি সদস্যরা নিয়মিত পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন।