জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়ায় অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে দুই ঘণ্টার বিরতি শেষে তিনি আন্তালিয়ায় পৌঁছান।
সফরের সঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ সময় বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আগামী বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করবেন। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।