
বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বেকার ও তরুণ সমাজের স্বপ্ন সুরক্ষায় প্রশ্ন তৈরি, মুদ্রণ থেকে শুরু করে সংরক্ষণ প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। ব্যবহার করা হচ্ছে ফেসলক প্রযুক্তি এবং প্রশ্ন ছাপা হচ্ছে পিএসসির নিজস্ব প্রেসে।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি পিএসসির এসব আধুনিক উদ্যোগের কথা তুলে ধরেন। সংসদ সদস্য তার প্রশ্নে দেশের লক্ষাধিক স্বপ্নবাজ তরুণের স্বপ্ন রক্ষার্থে কমিশন কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চান।
প্রতিমন্ত্রী জানান, পূর্বে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রিত হলেও বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে ছাপানো হচ্ছে। মুদ্রণ কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা কাজ শুরু থেকে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রেসের ভেতরেই অবস্থান করেন। এ সময় বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের জন্য তাদের কাছে কোনো ধরনের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস রাখার অনুমতি থাকে না। পুরো এই সংবেদনশীল কার্যক্রম খোদ পিএসসি চেয়ারম্যান নিজে তদারকি করেন।
পাশাপাশি, বিসিএস পরীক্ষার প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমটিতেও আনা হয়েছে আধুনিকায়ন। এখন কেবল সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য এবং মনোনীত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে এই ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ভল্টরুমের আশপাশের এলাকায় সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র সংরক্ষিত এই বিশেষ ভল্টরুমে নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।
প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগে প্রশ্নকর্তারা বাসা থেকেই প্রশ্ন তৈরি করে জমা দিলেও বর্তমানে তারা নির্ধারিত গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র প্রণয়ন করেন এবং তা সিলগালা অবস্থায় সরাসরি সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্যের হাতে জমা দিয়ে সেদিনই ভল্টে সংরক্ষণ করেন। পুরো প্রণয়ন ও মডারেশন কক্ষে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে বিশেষ সার্কুলার পদ্ধতি। এর ফলে পরীক্ষকরা খাতা বাসায় নিয়ে যাওয়ার সুযোগ পান না এবং কমিশনে এসে নির্দিষ্ট টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। এছাড়া আবেদন থেকে শুরু করে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা হয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় কোনো ধরনের অনিয়মের অবকাশ নেই।
মৌখিক বা ভাইভা পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করতেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট পূর্বে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে অংশ নেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। আগে থেকে এসব তথ্য জানার কোনো সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হচ্ছে বলে সংসদকে অবহিত করা হয়।




