বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে উড়োজাহাজের বহর সম্প্রসারণ এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছে সরকার। নতুন উড়োজাহাজ কেনা, প্রয়োজনে লিজ নেওয়া এবং পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত উড়োজাহাজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক এভিয়েশন খাতে বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ খুঁজছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার, ১০ নভেম্বর দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে হাইবারি গ্রুপের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য নিশ্চিত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো। সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। তারা উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন, লিজিং এবং এভিয়েশন সম্পদ ব্যবস্থাপনায় তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে এবং বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে।
মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানকে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বহর সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছে। তবে নতুন উড়োজাহাজ সরবরাহে সময় সাপেক্ষ হওয়ায় পরিচালনাগত চাহিদা মেটাতে লিজের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তিনি স্পষ্ট করেছেন, লিজ নেওয়ার ক্ষেত্রে কেবল আর্থিক দিক নয়, বরং উড়োজাহাজের উড্ডয়নকাল, রক্ষণাবেক্ষণের ইতিহাস, কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা এবং পরিচালনাগত কার্যকারিতা যথাযথভাবে যাচাই করা হবে।
দেশের ক্রমবর্ধমান আকাশপথে পণ্য পরিবহনের চাহিদা মেটাতে বর্তমানে বিমানের বহরে থাকা দুটি উড়োজাহাজকে বিশেষায়িত কার্গো বিমানে রূপান্তরের পরিকল্পনাও সরকারের রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে কার্গো পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে রপ্তানিমুখী পণ্য দ্রুত আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সহজ হবে, যা কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন ও বিমানের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সবশেষে মন্ত্রী জানিয়েছেন, হাইবারি গ্রুপের পক্ষ থেকে বিমান খাতের উন্নয়ন, উড়োজাহাজ লিজিং কিংবা কার্গো সক্ষমতা বৃদ্ধিতে কোনো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। এ ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থ, দীর্ঘমেয়াদী সুফল এবং আর্থিক সম্ভাব্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে এই সহযোগিতা এভিয়েশন খাতের আধুনিকায়ন ও দক্ষতা বাড়াতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে আশা করা হচ্ছে।