মানিকগঞ্জ শহরজুড়ে সোমবার রাতে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত ৯টার মধ্যে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। একের পর এক বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত পৌনে আটটায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল ফাটানো হয়। রাত সাড়ে আটটার দিকে সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে আরও দুটি বিস্ফোরণ ঘটে। এরপর রাত পৌনে নয়টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় সংলগ্ন এলাকায় শেষ ককটেলটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের ধারাবাহিকতায় রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্ক করা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই নাশকতামূলক কার্যক্রম চালানো হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদসহ জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।