নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, মাত্র ৯ কার্যদিবসে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষ্য, নথিপত্র ও ডিএনএ পরীক্ষার প্রমাণের ভিত্তিতে আদালত আসামির সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড় বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগর শিক্ষার্থী ওই শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, যার মাধ্যমে শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। এরপর গত ৬ মে র্যাব অভিযুক্ত শিক্ষক সাগরকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ২ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী শিশুটি একটি কন্যা সন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষায় আসামি সাগরই শিশুটির জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হলে পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করলেন।