জাতীয় সংসদে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুললে সংসদে বিশৃঙ্খলা তৈরি হয়। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ জবাব দিতে উঠলে বিরোধী দলের সদস্যরা হইচই করে তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
পরিস্থিতি শান্ত করতে গিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে হইচই করে নিজেদের কেন পাঠশালার ছাত্রছাত্রীদের মতো উপস্থাপন করা হচ্ছে? তিনি বিরোধী দলের সদস্যদের ধৈর্যের সঙ্গে বসে মন্ত্রী ও সদস্যের কথা শোনার অনুরোধ জানান। তাঁদের বসার অনুরোধ করে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা সবাই বসেন।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ সংসদে অভিযোগ করেন, সারের ডিলার হিসেবে সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঠাকুরগাঁও জেলার একটি উদাহরণ দিয়ে বলেন, সেখানে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি সমর্থিত। এর মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা আত্মীয়। হাসনাত আরও দাবি করেন, দেশজুড়ে সারের ডিলারশিপের নামে এক ধরনের 'মহোৎসব' চলছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের ডিও লেটারের বিনিময়ে অনেক জায়গায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদেরকে বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়াকে তখনকার বিএনপির মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।’।
হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন রাখেন, সারের ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে এবং আত্মীয়করণ হয়েছে, তা কি পরিকল্পিত ছিল? তিনি মন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশে কবে এই পারিবারিক ও দলীয় প্রভাবের সংস্কৃতি থেকে মুক্তি মিলবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।’।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ডিলার নিয়োগে 'উৎসব' শব্দটিকে তিনি ইতিবাচক অর্থেই দেখেছেন। তবে মন্ত্রীর এই মন্তব্যের পর বিরোধী দলের সদস্যরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। নতুন মন্ত্রী হিসেবে সাইড টক বা পাশ থেকে কথা বলা নিয়ে তিনি অস্বস্তি প্রকাশ করেন এবং বলেন, জবাব পছন্দ না হলে বিরোধী দলের সদস্যরা পুনরায় প্রশ্ন করতে পারেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব।
নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী জানান, ডিলারশিপ দিতে জেলা ও উপজেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি কাজ করছে। আবেদনের ভিত্তিতে স্বচ্ছ নীতিমালার আলোকে নিয়োগ সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের কমিটিতে স্থানীয় সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ পান। মন্ত্রী দাবি করেন, যাচাই-বাছাইয়ের পর ডিসি অফিস থেকে তালিকা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়, যা কোনো একক ব্যক্তির স্বাক্ষরে হয়নি। তিনি বলেন, যাচাই–বাছাই করে ডিসি অফিস থেকে পাঠানোর পর মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।
মন্ত্রীর বক্তব্য চলাকালেও বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যাহত থাকে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি দলের সদস্যদেরও বিরোধী দলের সদস্যদের শান্ত করার আহ্বান জানাতে দেখা যায়। ডেপুটি স্পিকার বলেন, প্রশ্ন এবং উত্তর—এই গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করাই বাঞ্ছনীয়।
এ পর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের সদস্যের অভিযোগের বিরোধিতা করেন। তিনি বলেন, অর্থের বিনিময়ে এমপিদের ডিলার নিয়োগের তথ্য সঠিক নয়। যদি কারও কাছে এ ধরনের অভিযোগের অকাট্য প্রমাণ থাকে, তবে তা মন্ত্রীর কাছে লিখিত আকারে পেশ করা উচিত। প্রমাণ ছাড়া এমন বক্তব্য অসত্য ও অবমাননাকর হিসেবে গণ্য করে তা এক্সপাঞ্জ করার দাবি জানান চিফ হুইপ।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য দাঁড়িয়ে ফ্লোর দাবি করেন, কিন্তু স্পিকার পরবর্তী প্রশ্নোত্তর পর্বে চলে যান এবং হট্টগোলের মধ্যেই অধিবেশন কার্যক্রম অব্যাহত থাকে।