কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থদিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। ঘটনার পরপরই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সীমান্ত থেকে প্রায় ৭.৪ কিলোমিটার দূরে অবস্থিত ওই টিনশেড আধা-পাকা বাড়িতে কেউ স্থায়ীভাবে বসবাস করতেন না। বাড়ির মাত্র ২০ মিটার দূরে অন্য একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা থাকেন। ঘটনার পর স্থানীয় থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার এবং বিজিবির সদস্যরা।
প্রাথমিক তদন্তের ফলাফল তুলে ধরে সালাউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের আলামত পর্যবেক্ষণ, দেয়াল পরীক্ষা এবং স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন পর্যন্ত পেট্রোল বোমার কোনো অস্তিত্ব মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি। বাড়িটি পুরাতন হওয়ায় এবং বৈদ্যুতিক সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি চূড়ান্ত করতে পূর্ণাঙ্গ তদন্তের অপেক্ষা করা হচ্ছে।
মন্ত্রী জানান, পরিত্যক্ত ওই বাড়িতে কেয়ারটেকারের কিছু কাপড় ও জুতো তৈরির সরঞ্জাম ছিল, যা আগুনে পুড়ে গেছে এবং দুটি ছাগল মারা গেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে। যদি দীর্ঘমেয়াদি তদন্তে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।