সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত নিতে হলে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। একই সঙ্গে দেশে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে। ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে আসা এই প্রতিবেদনটিতে আরও বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, এ বিষয়ে তার বিশেষ কিছু বলার নেই।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। এর জবাবে জয়সওয়াল বলেন, ভারতের লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখা। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে নিয়মিত আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
মুখপাত্র আরও জানান, কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক একটি সময়ে আয়োজন করা হবে এবং সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে। বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ভারত সবসময় প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।