ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের বেশ কয়েকটি সমাবেশস্থল লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা ওই এলাকায় অবস্থানরত ‘শত্রু সৌদি বাহিনী’র ওপর সরাসরি আঘাত হেনেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, তাদের বাহিনী খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব হামলায় কয়েক ডজন সৌদি সেনা হতাহত হয়েছেন এবং প্রচুর সামরিক সরঞ্জাম ও যানবাহন ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। কৌশলগত দিক থেকে দক্ষিণ ইয়েমেনের লাহিজ প্রদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি এডেন এবং পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান যোগাযোগ পথ হিসেবে পরিচিত।
ভৌগোলিক অবস্থানের কারণে নিরাপত্তা পরিস্থিতির ক্ষেত্রে লাহিজ বিশেষ গুরুত্ব বহন করে, বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার সাথে অঞ্চলটি নিবিড়ভাবে জড়িত। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটিতে অতীতেও হুতি বাহিনী ও সৌদি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।