গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার বিকেলে এক সহিংসতায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী ও পুলিশ সদস্য মোসলেম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে। সেই সময়েই মামলার বাদী মোসলেম উদ্দিনকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করা হয়।
একই দিনে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় ও বিএনপির সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
পাশাপাশি টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ বিএনপি সমর্থক একাধিক ব্যবসায়ীর দোকান ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।