ডিসেম্বর মাসকে ঘিরে দেশজুড়ে বড় ধরনের কোনো নাশকতার ঝুঁকি নেই বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এসআরবি তাদের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে। রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে খুলনার সাম্প্রতিক অস্থিরতা ও অপরাধের বিষয়ে আলোকপাত করে তিনি জানান, সেখানে গত কয়েক দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে এসআরবি-৬-এর বিশেষ টিম ইউনিফর্মে এবং সাদাপোশাকে নিয়মিত অভিযান চালাচ্ছে। অপরাধী ও অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, খুলনায় এসআরবির বেশ কিছু অভিযান সফল হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
অপরাধীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যোগসূত্র থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যের গোপনীয়তা রক্ষা করে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত, চাক্ষুষ প্রমাণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের ওপর ভিত্তি করে অপরাধীদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের প্রশ্নে ইন্তেখাব চৌধুরী জানান, এসআরবির সদস্যরা ২৪ ঘণ্টার প্রতিটি মুহূর্তের ঝুঁকি বিশ্লেষণ করছে। বিশেষ করে যেসব সময়ে নাশকতার প্রবণতা বেশি দেখা যায়, সেসব সময়ে চেকপোস্ট, মোবাইল টহল ও ফুট পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। পুরো ঢাকা শহরকে শতভাগ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রাখা কঠিন হলেও পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে এসআরবি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধেও সংস্থাটি কঠোর অবস্থানে রয়েছে। এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য পাওয়া মাত্রই তা যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।