ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যা সময়কে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে। ছবির এক পাশে চার বছর বয়সী ছোট্ট শচীন, কোঁকড়া চুল আর দুষ্টুমিভরা হাসিতে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। অন্য পাশে বর্তমানের শচীন, চুলে বয়সের ছাপ থাকলেও সেই চিরচেনা হাসি আর হাতে আজও ক্রিকেট ব্যাট। দুই ছবির মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ ৪৯টি বছর। এই ছবি দুটির মাধ্যমে তিনি তাঁর দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার আবেগপূর্ণ এক দলিল তুলে ধরেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের এই ছবির সঙ্গে হিন্দিতে শচীন লিখেছেন, 'প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!' ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম নেওয়া শচীন টেন্ডুলকার ছোটবেলায় ব্যাট হাতে যে স্বপ্ন দেখা শুরু করেছিলেন, সেই ব্যাটই তাঁকে বিশ্বজয়ের পথে নিয়ে গেছে। একটি শিশুর হাতে থাকা ব্যাট যে একদিন কোটি মানুষের আবেগ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে, তা হয়তো তখন কল্পনাতীত ছিল।
ভারতের হয়ে দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন ঈর্ষণীয় সব সাফল্য, যার মধ্যে রয়েছে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির অনন্য রেকর্ড। মাঠের ভেতরে তাঁর ব্যাটিংয়ের ছন্দ কোটি সমর্থকের আনন্দ-বেদনার কারণ হয়ে উঠেছিল। তিনি শুধু রান বা ট্রফি জেতেননি, বরং হয়ে উঠেছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সম্মানিত খেলোয়াড়দের একজন।
মূলত ১৯৮৯ সালের এই দিনেই প্রথম ব্যাট হাতে ভারতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল শচীনের। চার বছর বয়স থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথচলায় ব্যাট তাঁর কাছে কখনোই কেবল পেশার সরঞ্জাম ছিল না, বরং ছিল গভীর ভালোবাসার সঙ্গী। ৪৯ বছর পরের এই ছবিটি যেন সেই দীর্ঘদিনের অবিচ্ছেদ্য সম্পর্কেরই এক দারুণ প্রতিচ্ছবি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।