খুলনায় সার্বিক নিরাপত্তা জোরদার ও সন্ত্রাস দমনে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে মহানগরের বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সমন্বয়ে এ বিশেষ টহল ও অভিযান পরিচালিত হচ্ছে। যৌথ বাহিনীর এই তৎপরতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটও যুক্ত রয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান নিশ্চিত করেছেন যে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||।
কেএমপি কমিশনার জানান, গত কয়েক দিন ধরে পুলিশের আলাদা টহল থাকলেও সোমবার থেকে যৌথ বাহিনীর সমন্বিত অভিযান শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুলনা এলাকার চিহ্নিত শীর্ষ অপরাধীদের একটি তালিকা সরবরাহ করা হয়েছে, যাদের গ্রেপ্তারে এই অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই অভিযানের অংশ হিসেবে আজম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কেসিসি নগর ভবনে পেট্রলবোমা হামলার সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে।
অন্যদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও আলাদাভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, জেলার নয়টি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। মূলত মাদক ব্যবসা, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষপে নেওয়া হয়েছে।
জেলাজুড়ে তল্লাশি চৌকিগুলোতে বিভিন্ন যানবাহনের সঠিক কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব অভিযানে ইতিমধ্যে মাদক সরবরাহ ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী ও জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।