দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিক হিসাব অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা ওই সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের ৩২.১৭ শতাংশ। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
জাতীয় সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, গত ৫ বছরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে বড় উদ্বেগের সৃষ্টি করেছে। ২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা মোট ঋণের ৭.৬৪ শতাংশ। ২০২৩ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৮.৩৯ শতাংশে। ২০২৪ সালে মোট ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা ঋণের বিপরীতে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭.৮৩ শতাংশ। গত ৫ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায় যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে।
পরবর্তী বছরগুলোতে খেলাপি ঋণের পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। ২০২৫ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকায় পৌঁছায় এবং এর মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা খেলাপি ঋণে পরিণত হয়, যা মোট ঋণের ২৯.৯২ শতাংশ। সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্যানুযায়ী, মোট ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায়।
পরিস্থিতি মোকাবেলায় অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতের ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি আর্থিক ক্ষতি পুনরুদ্ধারসহ বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার নানা আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিবরণী অনুসন্ধানে কাজ করছে। এতে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা যুক্ত রয়েছে।
এ ছাড়া ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে বকেয়া আদায় ও নতুন জালিয়াতি রোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাচার হওয়া সম্পদ উদ্ধার ও পাচার প্রতিরোধে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর মতো কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।