
রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে লগি-বইঠা ও দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তিনি মন্তব্য করেছেন, এসব কর্মকাণ্ড প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে দলটির আর কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। সোমবার সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
রোববার দিনভর গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটাসহ সশস্ত্র মহড়া দেয়। বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরজুড়ে চলা এই বিক্ষোভের সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। একইসঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মহড়া দেওয়ার সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট।
গোপালগঞ্জের এই অস্থিতিশীল পরিস্থিতির রেশ ধরে জেলাটির ডিসি ও এসপিকে আগেই বদলি করা হয়েছিল, এবার তিন ওসিকেও বদলি করা হয়েছে। তবে এরপরও সহিংসতার কমতি নেই। বিকেলে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শককে (এসআই) দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। ওই এসআই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী ছিলেন। এছাড়া সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পিরোজপুরেও দলটির বিরুদ্ধে বিএনপির দুটি কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগ যদি এভাবে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলের দেউলিয়াত্ব থেকে এসব কর্মকাণ্ড ঘটছে বলে সরকার মনে করছে।




