Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

চীনের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই শেষ আসিয়ান সম্মেলন

প্রকাশিত: , ১৬ নভেম্বর ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

ম্যানিলায় আয়োজিত আসিয়ান শীর্ষ সম্মেলন কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই সমাপ্ত হয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলোচনা চললেও দক্ষিণ চীন সাগরের জন্য কোনো কার্যকর আচরণবিধি নির্ধারণ করতে পারেনি চীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এই সংস্থা। আলোচনার অগ্রগতি নিয়ে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো জানান, খসড়া চুক্তির প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক ঐকমত্য হলেও মূল কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে, প্রস্তাবিত বিধিমালাটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সম্মেলন শেষে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো সাংবাদিকদের জানান, খসড়া চুক্তিটির প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

আসিয়ান এবং বেইজিং এমন একটি অঞ্চলে আচরণবিধি তৈরির চেষ্টা করছে যেখানে সামুদ্রিক সীমানা নিয়ে তাদের দাবিগুলো একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। ১১ সদস্যবিশিষ্ট আসিয়ানের বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন এই আলোচনা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে লাজারো আশা প্রকাশ করেছেন, আগামী বছর সিঙ্গাপুর সভাপতির দায়িত্ব গ্রহণ করলে এই আলোচনার গতি পুনরায় বাড়তে পারে। ১১ সদস্য বিশিষ্ট এই সংস্থার বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশিচলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর মালিকানা দাবি করে আসছে, যা ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সাংঘর্ষিক। ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল চীনের দাবিকে অবৈধ ঘোষণা করলেও বেইজিং তা মানেনি। বর্তমানে উত্তেজনা এড়াতে আসিয়ান একটি কার্যকর বিধিমালা প্রণয়নের ওপর জোর দিচ্ছে।

২০২৪ সালের ৫ মার্চ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের রসদ সরবরাহকারী জাহাজ ‘উনাইজাহ’-এর ওপর চীনা উপকূলরক্ষী বাহিনীর জলকামান হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল।

২০২২ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে সামুদ্রিক বিরোধ আরও প্রকট হয়েছে। ফিলিপাইনের অভিযোগ, চীনা জাহাজগুলো তাদের অর্থনৈতিক অঞ্চলে প্রায়ই বিপজ্জনক কৌশল ও জলকামান ব্যবহারের মতো আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে, চীন ফিলিপাইনের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে অনধিকার প্রবেশের পাল্টা অভিযোগ তুলে আসছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটটি চায় তাদের বিধিমালা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে। যদিও আসিয়ানভুক্ত দেশগুলো এবং চীনের দৃষ্টিভঙ্গিতে এই ইস্যুতে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। বেইজিং তাদের কার্যক্রমকে সবসময়ই আইনসম্মত ও পেশাদারসুলভ বলে দাবি করে থাকে।

আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ২০২১ সালের ‘ফাইভ-পয়েন্ট কনসেন্সাস’ বা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের সামরিক নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ফলে ম্যানিলার এই সম্মেলনেও দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং বা উচ্চপদস্থ কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি; কেবল নিম্নপদস্থ কূটনীতিকরাই প্রতিনিধিত্ব করেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনায় আসিয়ান তীব্র নিন্দা জানিয়ে আসছে। যদিও জান্তা প্রধান বিভিন্ন আসিয়ান দেশ সফর করেছেন, তবুও সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে যে, ওই শান্তি পরিকল্পনাই মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র ভিত্তি।