
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত ১৫ নভেম্বর আদালত রিমান্ড মঞ্জুর করার পরপরই তাকে এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। তবে রিমান্ডের শুরু থেকেই তিনি অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করছেন এবং জিজ্ঞাসাবাদে আনা সুনির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কার্যত গতকাল পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা মুখ খুলেননি। রোববার (১৫ নভেম্বর) চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে আদালত থেকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় সিএমপির এসআরইউর কার্যালয়ে। বেশ কিছু সুনির্দ্দিষ্ট বিষয় সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগ পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক ক্ষুদে বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এ ধরনের বার্তার বিষয়ে নীরবতা পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের টেলিগ্রাম গ্রুপে সক্রিয় ছিলেন বলে তদন্তকারীদের কাছে তথ্য রয়েছে, যা মামলার এজাহারেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসআরইউ পরিদর্শক রাসেল মাহমুদ জানান, গত রোববার সন্ধ্যা থেকেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের স্বার্থে পুরো ঘটনার রহস্য উন্মোচন করতে তারা বদ্ধপরিকর। রিমান্ডের আবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান রাষ্ট্রকাঠামো উৎখাতের ষড়যন্ত্রের নেপথ্যে আর কারা জড়িত এবং এর মূল পরিকল্পনাকারী কারা, তা বের করা জরুরি। একই সঙ্গে পলাতক সহযোগীদের শনাক্ত করা এবং এই ষড়যন্ত্রে দেশি-বিদেশি কোনো সংস্থা বা কুচক্রী মহলের আর্থিক কিংবা প্রযুক্তিগত সহায়তা রয়েছে কি না, তা পরিষ্কার করাই এখন তদন্তের প্রধান লক্ষ্য। এরমধ্যে অন্তর্ঘাতমূলক এই পুরো ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল তা নিবিড়ভাবে বের করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা। তৃতীয়টি হচ্ছে, আসামিকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত বা অন্য কোনো লজিস্টিক সহায়তা দিয়ে আসছিলেন, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করা। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা বা কুচক্রী মহলের হাত রয়েছে কিনা- তা পরিষ্কার করা।
এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের বিষয়টি পুলিশ প্রশাসনের অন্দরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এতে চট্টগ্রামসহ সারাদেশে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে তদন্ত চলমান থাকায় এখনই বিস্তারিত কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।




