
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না ইরান। প্রয়োজনে আগাম ও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন, যা পরে দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করছে এবং এর মাধ্যমে নতুন করে হামলার ক্ষেত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ঘারিবাবাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কিউবা বা ভেনেজুয়েলার মতো কোনো দেশ নয় যে অবরুদ্ধ থাকলেই আত্মসমর্পণে বাধ্য হবে। এখন পর্যন্ত আকাশ কিংবা স্থলপথে অবরোধ আরোপের মার্কিন প্রচেষ্টায় কোনো ধরনের সফলতা আসেনি বলেও তিনি দাবি করেন।
বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এই কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান বৈরী সম্পর্কের মধ্যে তেহরানের অনমনীয় অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।




