জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন ও সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। বুধবার সচিবালয়ে আয়োজিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।
মন্ত্রণালয়ভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সর্বোচ্চ সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট বিভাগের চার জেলা এবং বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনী এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও সবুজ সংকেত পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন এবং সেচ সুবিধা বাড়ানো। পাশাপাশি জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে এলাকা রক্ষার প্রকল্প রয়েছে। এছাড়া ঢাকা মেট্রো প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণের পরিকল্পনাও অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও চূড়ান্ত হয়েছে। সড়ক যোগাযোগ খাতে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক মানোন্নয়ন এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়েছে, যা ইতিপূর্বে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য। এছাড়াও জগন্নাথপুর ও মোহনগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, বৃহত্তর ময়মনসিংহে ফসলের নিবিড়তা বাড়ানো এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদারের মতো প্রকল্পগুলোও তালিকায় রয়েছে। রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ কংক্রিট ও বেইলি সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ এবং পর্যটন এলাকায় টেলিটকের উচ্চগতির নেটওয়ার্ক সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পর্কেও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।