অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে সিরিজ জয় করল ইংল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৯৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় হ্যারি ব্রুকের দল। ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম অজিদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল সফরকারী দলটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। সিরিজ জুড়ে ধারাবাহিকতার অভাব থাকলেও শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাট করেন বেন ডাকেট। বাঁহাতি এই ব্যাটার ১১৫ বলে ১৫টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৩৩ রানের ইনিংস খেলেন। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এছাড়া উইল জ্যাকস ৫৯ ও টম ব্যান্টন ৪৪ রান করলে ইংল্যান্ড ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৮ রানের বড় সংগ্রহ গড়ে। অজি বোলার জ্যাক এডওয়ার্ডস চারটি উইকেট লাভ করেন।
জবাবে ৩২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫ রানেই দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শকে সাজঘরে ফেরান ইংলিশ বোলাররা। এরপর ম্যাট রেনশ ৫৫ এবং অ্যালেক্স ক্যারি ৩৭ রান করে দলের হাল ধরার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সনি বেকার। তিনি ৪৫ রান খরচায় চারটি উইকেট শিকার করেন। এছাড়া লিয়াম ডসন ৪২ রানে তিনটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন। ব্যাটে-বলে সামগ্রিক দাপট দেখিয়েই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।