Eng
জাতীয়, লিড নিউজ

নেত্রকোণায় মধ্যরাতে রেল স্টেশনে আগুন, ভাইরাল ভিডিও

প্রকাশিত: , ১৮ নভেম্বর ২০২৬ | ১:৪৬ অপরাহ্ণ

নেত্রকোণার বারহাট্টা উপজেলার পরিত্যাক্ত অতিথপুর রেল স্টেশনে মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টা থেকে ১২টার মধ্যে সংঘটিত এই ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওটির স্ক্রলে ঘটনার সময় ও স্থান হিসেবে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোণা’ উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্ল্যাটফর্মটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক স্টেশনের প্ল্যাটফর্ম ও পিলারে জড়ানো চটের বস্তায় তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল সেখানে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহারের আলামত পেয়েছে। পিলারগুলো লোহার হওয়ায় অবকাঠামোগত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও স্থানীয় থানা পুলিশের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়। তবে স্টেশনে বড় ধরনের ক্ষতি না হওয়ায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

উল্লেখ্য, গত এক সপ্তাহে নেত্রকোণা জেলায় রেল-সংশ্লিষ্ট অবকাঠামোতে এটি তৃতীয়বারের মতো নাশকতার ঘটনা। এর আগে ১০ নভেম্বর হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। জেলার বিভিন্ন স্থানে একের পর এক এসব নাশকতার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে, ১০ নভেম্বর হাওর এক্সপ্রেসের বগিতে আগুন দেওয়াসহ গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে মোট তিন দফায় রেল-সংশ্লিষ্ঠ অবকাঠামোতে আগুন দেওয়া হয়।