ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাজনীতির আড়ালে জ্বালাও-পোড়াও এবং সহিংসতা চালিয়ে আওয়ামী লীগ দেশ ধ্বংসের গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এই দেশেরই সন্তান, কিন্তু মানুষ মারা, ভাঙচুর, থানা পোড়ানো ও সম্পদ ধ্বংসের মতো কাজ কোনোভাবেই রাজনীতির আদর্শ হতে পারে না। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত দেশের মানুষের কল্যাণ, অথচ বর্তমানে আপনাদের কর্মকাণ্ডে দেশ ধ্বংসের চিত্রই ফুটে উঠছে। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার লোভে দেশের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে, আপনারা আওয়ামী লীগের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা, থানাকে পুড়িয়ে দেওয়াসহ যে ধরনের আচরণ করেছেন এটা কোন ধরনের রাজনীতি। এ দেশের ভালো মন্দের সঙ্গে আমরা জড়িয়ে আছি। কিন্তু ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ, লোভ এগুলো দেশের কল্যাণের জন্য আমরা পরিহার করবো।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে চরমোনাই পীর আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির মতো দলগুলো তাদের শাসনকালে যে নীতি ও আদর্শ প্রয়োগ করেছিল, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ইসলামই একমাত্র আদর্শ যা দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির নিশ্চয়তা দিতে পারে। ইসলাম কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি পিপীলিকা পর্যন্ত সব সৃষ্টির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে। বাংলাদেশে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে, তাই ইসলামকে সামনে রেখেই দেশ পরিচালনা করলে আবারও স্বর্ণযুগের পরিবেশ সৃষ্টি সম্ভব। তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল রয়েছে আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের মায়া ঈমানের একটা অংশ। আজকে ইসলাম বিদ্বেষী চক্ররা ইসলামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, আসলে বাস্তবে ইসলাম ভয়ের জিনিস না। ইসলাম এমন একটি আদর্শ, যেই নীতি আদর্শ যদি কেউ মেনে চলে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।
৫৫ বছর বয়সী স্বাধীন বাংলাদেশের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে লাখ লাখ মানুষ আত্মত্যাগ করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতায় আসা শাসকরা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বরং তারা বিদেশিদের তাঁবেদার হয়ে দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করেছে। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও মেহনতি মানুষ বৈষম্য দূর করার স্বপ্ন দেখেছিল। তবে বর্তমানে নতুন করে যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের কর্মকাণ্ডে যেন ‘পুরানো বউকে নতুন শাড়ি পরানো’র মতো পরিস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে। ৭১-এর প্রেক্ষাপটে আমরা ইতিহাস পড়লে দেখি, যে এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার জন্যে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। ৭১-এর পরে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে তাদের থেকে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো দূরের কথা, তারা অন্যদের তাঁবেদার হয়ে আমাদের দেশ পরিচালনার স্টিয়ারিং হাতে নিয়েছে। এরপর আমরা দেখলাম বিভিন্ন সময় যে অভ্যুত্থান হয়েছে বিশেষ করে ২০২৪-এর ৫ই আগস্ট হাজার হাজার যুবক, ছাত্ররা ও মেহনতী আমার ভাইয়েরা অকাতরে জীবন দিয়েছিল বৈষম্য দূর করার জন্য।
অনুষ্ঠিত যুব সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমীন। এ ছাড়াও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এটা তো সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে দেখািছ।
সম্মেলনের শেষ পর্যায়ে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আগামী ২০২৭-২৮ সালের জন্য ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে মো. ইসরাফিল হোসেন মামুন সভাপতি, এইচএম হাবিবুল্লাহ সহ-সভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল রানা মাসুদ
প্রধান কার্যালয়: উত্তর গোপালরায়, মেহেরনগর, কালীগঞ্জ, লালমনিরহাট।
+৮৮০১৭৫১৩৯৯৩৪০, +৮৮০১৯১৫৪৬৩৫১৫
crimeeditionbd@gmail.com
২০২৬ © ক্রাইম এডিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।