
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে লিটন শেখের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটির একটি অস্থায়ী মুরগির সেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদক কারবারি হিসেবে পরিচিত কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুম বেগমের স্বামী লিটন শেখ (৪২) দ্রুত পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান। বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক লিটন শেখকে আইনের আওতায় আনতে জোরালো অভিযান অব্যাহত রেখেছে ডিবি।




