Eng
ঝিনাইদহ, লিড নিউজ

ঝিনাইদহে পৌনে ছয় লাখ টাকার ভারতীয় সিরাপসহ আটক যুবক

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ৫:১৬ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া দশটার দিকে উপজেলার যাদবপুর থেকে মহেশপুরগামী সড়কের বগা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয় এবং গাড়ির চালক ইমরানকে (২২) হাতেনাতে আটক করা হয়। আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন খবরের ভিত্তিতে খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশিচৌকি বসায়। সন্দেহজনক প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে সিরাপের পাশাপাশি একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা এবং মোবাইল ফোনটির মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে জব্দ করা প্রাইভেট কারটির বাজারমূল্য এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।