Eng
খেলাধুলা, লিড নিউজ

মেসির উত্তরসূরি নিকো পাস, দাবি করলেন আর্জেন্টিনার কিংবদন্তির মা

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ২:৪৬ অপরাহ্ণ

লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দীর্ঘ সময় ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। এই তালিকায় উঠে এসেছে তরুণ আর্জেন্টাইন ফুটবল তারকা নিকো পাসের নাম। এবার এই আলোচনাকে আরও জোরালো করেছে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির একটি মন্তব্য। তিনি সরাসরি নিকো পাসকে উদ্দেশ্য করে বলেছেন, তুমিই আমার ছেলের উত্তরসূরি। এমন স্বীকৃতি আর্জেন্টিনার ফুটবলে বাড়তি তাৎপর্য বহন করছে।

ঘটনাটি ঘটেছিল মেসির বিদায়ী ম্যাচের দিনে। আর্জেন্টিনার রেডিও লা রেদ-কে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন নিকো পাসের চাচা ফাবিয়ান পাস। তিনি জানান, সেই ম্যাচের দিন লকার রুম থেকে বেরিয়ে আসার সময় মেসির মা সেলিয়ার সঙ্গে দেখা হয় তরুণ নিকোর। আবেগাপ্লুত সেলিয়াকে দেখে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানান নিকো। তখনই তার হাত ধরে সেলিয়া সেই বিশেষ কথাটি বলেন। এমন স্বীকৃতিতে একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন নিকো।

ফাবিয়ান আরও বলেন, নিকো খুবই শান্ত ও বিনয়ী স্বভাবের ছেলে। মেসির মতো কিংবদন্তির মায়ের কাছ থেকে এমন স্বীকৃতি পেলেও নিজেকে তিনি মেসির উত্তরসূরি হিসেবে ভাবেন না। বরং লিওনেল মেসির সঙ্গে দেখা করা এবং তার পাশে খেলার সুযোগ পাওয়াকেই জীবনের বড় প্রাপ্তি মনে করেন নিকো। তার কাছে সেই অনুভূতি ছিল যেন হাত বাড়িয়ে আকাশ ছোঁয়ার মতো।

বর্তমানে ইতালির ক্লাব কোমোতে খেলছেন নিকো পাস। আর্জেন্টিনার বাইরে নিয়মিত খেলার কারণে সে দেশের ফুটবল ঘিরে তৈরি হওয়া প্রবল আবেগ ও প্রত্যাশার চাপ তার ওপর কিছুটা কম থাকে বলে মনে করেন ফাবিয়ান। তার মতে, আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতির তীব্রতা নিকোর কাছে এখনো বেশ বিস্ময়কর। তবে মাঠের পারফরম্যান্সে নিজের ছাপ রাখছেন এই তরুণ। সম্প্রতি কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন নিকো।