Eng
গোপালগঞ্জ, লিড নিউজ

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ: খুলছে দোকানপাট, তবে কাটেনি আতঙ্ক

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ

গোপালগঞ্জের পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে। শুক্রবার সকাল ৮টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে দেখা গেছে। লঞ্চঘাট, পুলিশ লাইন ও এর আশেপাশের এলাকায় মানুষের আনাগোনা এবং যানবাহনের চলাচলও বাড়তে শুরু করেছে। তবে জনজীবনে এখনো পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরার আভাস মেলেনি। মানুষের মনে একধরনের চাপা উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে, যার ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রাস্তায় জনসমাগম অনেক কম। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ঝুঁকি নিতে চাইছেন না, যার ফলে শহরজুড়ে এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে।

শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা নিয়মিত ডিউটি পালন করছেন এবং বর্তমানে গোপালগঞ্জ সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দোকানপাট খোলা হলেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখনো দেখা যাচ্ছে না। আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে শহরের জনজীবন পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করছেন তারা।