
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি পুনরায় কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তা আগের আক্রমণের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মিত্র দেশগুলো নতুন সংঘাতের বদলে বর্তমান সামরিক কৌশল বজায় রাখার পক্ষে মত দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তেহরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে যেতে আগ্রহী বলে তিনি দাবি করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। একই সঙ্গে দেশটির কয়েকজন শীর্ষ নেতাকে নির্মূল করা হয়েছে বলেও তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেন যে, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ তারা এটি ব্যবহার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাহাড়ের ভেতরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে ইরান যদি নতুন করে কোনো তৎপরতা শুরু করে, তবে সেখানে ফের হামলা চালানোর বিষয়টি ওয়াশিংটন বিবেচনায় নিতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তবে নতুন কোনো আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত বা সময়সীমা নির্ধারণ করা হয়নি।
কূটনৈতিক ও সামরিক অবস্থানের কথা তুলে ধরে ট্রাম্প জানান, ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছাতে চায় এবং তেহরানও এতে আগ্রহী হলেও বিষয়টি তারা প্রকাশ্যে স্বীকার করছে না। এছাড়া কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে আলোচনায় বর্তমান কৌশল অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সাক্ষাৎকারের দিন কাতারের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের ওভাল অফিসে সরাসরি উপস্থিত ছিলেন বলেও মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।




