Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

ইসরাইল পার্লামেন্টে নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের বিল আইজেনকোটের

প্রকাশিত: , ১১ নভেম্বর ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

ইসরাইলি পার্লামেন্ট বা নেসেটের ২৬তম অধিবেশনের উদ্বোধনী দিনেই বড় ধরনের রাজনৈতিক চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিগত মেয়াদে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত এবং পাস করা বেশ কিছু আইন বাতিলের লক্ষ্যে একাধিক বিল উত্থাপন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত পার্লামেন্টের এই প্রথম অধিবেশনে এসব প্রস্তাবনা জমা দেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়।

প্রস্তাবগুলোর কেন্দ্রে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন। এছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এবং তার মেয়াদসীমা নির্ধারণের পাশাপাশি বিচার বিভাগীয় সংস্কারের আওতায় পাস হওয়া বিভিন্ন আইন বাতিলের দাবি জানিয়েছে আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।

বিরোধী পক্ষগুলোর অভিযোগ, হামাসের হামলার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু এই কমিশন গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে আইজেনকোটের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল এই কমিশন গঠন করা।

বিতর্কিত আইন বাতিলের তালিকায় আরও রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন। এছাড়া ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সরকারি পদে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা এবং প্রধানমন্ত্রীর অক্ষমতা সংক্রান্ত নিয়মগুলোও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটস পার্টির পক্ষ থেকে শনিবারে গণপরিবহন চালু, সিভিল ম্যারেজ বা বেসামরিক বিয়ের বৈধতা, এলজিবিটিকিউ অধিকার সম্প্রসারণ এবং সমতার অধিকারের মতো বিষয়গুলো মৌলিক আইনে অন্তর্ভুক্তির দাবি তোলা হয়েছে। বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে তাদের জায়গায় সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধান করা হয়েছে।

বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে অতীতে ইসরাইলে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল।

সমালোচকদের মতে, এই পরিবর্তনগুলো দেশটির গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। তবে সরকারপন্থী সমর্থকরা মনে করেন, বিচার বিভাগের অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এসব সংস্কার অত্যাবশ্যক। উল্লেখ্য, ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি, যা মন্ত্রীদের আইনি পরামর্শ উপেক্ষা করার সুযোগ দেয়। অন্যদিকে, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত আইনটির কার্যকারিতা স্থগিত করেছিলেন, কারণ এতে নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার বিষয়টি স্পষ্ট ছিল। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন।