
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাড়ি ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। এ বিষয়ে অবগত তিনটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এসব তথ্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ওই সূত্রগুলো নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি অগ্রসর পর্যায়ে রয়েছে। বেসেন্টকে লক্ষ্য করে দেওয়া হুমকিগুলো গোয়েন্দা বিশ্লেষণের ভিত্তিতেই এই মূল্যায়ন করা হয়েছে। মূলত আগস্ট মাস থেকে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্য বিধিনিষেধ আরোপের যে অভিযান বেসেন্ট পরিচালনা করছেন, তার কারণেই তিনি ইরানের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, বিদেশের ভূখণ্ডে বা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বড় ধরনের সামরিক হামলা চালানোর সক্ষমতা ইরানের কিছুটা সীমিত। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে টার্গেট করে হামলার পরিকল্পনা তাদের রয়েছে, যা মার্কিন প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাও ঘটেছিল। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের শাসকের হুমকিতে অর্থমন্ত্রী বেসেন্ট পিছু হটবেন না; বরং তিনি ইরানের অর্থনীতিকে চাপে ফেলার নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন এলাকার বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া বেসেন্ট ট্রাম্প প্রশাসনের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে গত বছর স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরনের সুরক্ষা পদক্ষেপ নিয়েছিলেন।
শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির বিস্তারিত পরিধি সম্পর্কে প্রশাসন কিছু না জানালেও, সব ক্ষেত্রে ইরানের সংশ্লিষ্টতা নেই বলে ইঙ্গিত রয়েছে। যেমন পাম বন্ডির ক্ষেত্রে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে তুলে আনার বিষয়টি প্রভাব ফেলেছিল। অন্যদিকে, গত মাসে ইরান যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে এমন তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারি কর্মীদের সতর্কতা বাড়ানো হয় এবং দূতাবাসগুলোতে কর্মী সংখ্যা কমানো হয়। একই সময়ে বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকি থাকায় মার্কিন সামরিক বাহিনী সেখান থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল।
বেসেন্টের নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক চাপ প্রয়োগের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস পুরোপুরি বন্ধ করে দেওয়া। ইরানের অর্থনীতির বড় অংশটি এই সামরিক শাখার নিয়ন্ত্রণে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে সংঘাতের প্রক্রিয়া শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আর বড় ধরনের সামরিক অভিযানে না জড়াতে হয়, সেই উদ্দেশ্যেই এই অর্থনৈতিক কৌশল অবলম্বন করা হয়েছে। বেসেন্ট ও তার সহযোগীদের দাবি, এই অভিযান কার্যকর হচ্ছে, কারণ এতে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে, মুদ্রার মান কমছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ছে। তবে অভিজ্ঞ মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব যেকোনো মূল্যে ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া, তাই কেবল অর্থনৈতিক চাপে শাসনব্যবস্থায় পরিবর্তন আসার সম্ভাবনা কম।
২০২০ সালের জানুয়ারি মাস থেকেই ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে আসছে। ওই সময় ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করে বলে ফেডারেল কৌঁসুলিরা অভিযোগ এনেছিলেন। ২০২৪ সালে ফরহাদ শাকেরি নামের এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, যিনি রেভল্যুশনারি গার্ডের একজন অপারেটিভ ছিলেন বলে গোয়েন্দা তথ্যে উঠে আসে। সোলাইমানিকে হত্যার ওই পুরো পরিকল্পনায় যুক্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিভাগের অনেক কর্মকর্তা তখন থেকেই ইরানের হুমকির তালিকায় রয়েছেন। বাইডেন প্রশাসন তাদের নিরাপত্তা বজায় রাখলেও, ক্ষমতায় ফেরার পরপরই ট্রাম্প সেই সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছিলেন, যার মধ্যে অনেক সাবেক উপদেষ্টা রয়েছেন যারা নিজেদের এখনো ট্রাম্পের মিত্র মনে করেন।




