Eng
বিনোদন, লিড নিউজ

প্রথমবার বড় পর্দায় রহস্যের গল্পে জয়া আহসান ও শ্রাবন্তী

প্রকাশিত: , ১১ নভেম্বর ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

কলকাতার জনপ্রিয় পরিচালক অর্জুন দত্তের নতুন মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করবেন বাংলাদেশের জয়া আহসান এবং টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরেই দুই বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করেছেন জয়া আহসান। এবারই প্রথম তিনি শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন, যা নিয়ে ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে পাহাড়ের পটভূমিতে। গল্পের শুরু একটি আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে হলেও, মুহূর্তের মধ্যে তা ভয়ংকর রহস্যে রূপ নেয়। উৎসবের আমেজ ফিকে হয়ে আসে অস্বস্তিকর সব বার্তার কারণে। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একে একে উন্মোচিত হতে থাকে বন্ধুত্বের আড়ালে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং পরিবারের গোপন ক্ষোভের নানা দিক। সুন্দর সম্পর্কের অন্তরালে থাকা ঈর্ষা, বিশ্বাসঘাতকতা আর মানসিক দ্বন্দ্বই এই সিনেমার মূল উপজীব্য।

এই বিশেষ প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে জয়া আহসান বলেন, অর্জুন দত্ত আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। মার্ডার মিস্ট্রি ঘরানার এই সিনেমার অংশ হতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আমার চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে নতুনভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে।

শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। সিনেমাটির গল্প এবং আমার চরিত্রটি একদমই আলাদা। এমন ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। দর্শক আমাকে একেবারেই নতুন রূপে খুঁজে পাবেন। জয়া ও শ্রাবন্তী ছাড়াও শিলাজিৎ মজুমদার, কনীনিকা ব্যানার্জি, বিবৃতি চ্যাটার্জি, অনুরাধা ব্যানার্জি, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ একঝাঁক তারকা এই সিনেমায় অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষদিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।