Eng
জাতীয়, লিড নিউজ

ডায়াগনস্টিক কমিশন ও অনিয়মে বছরে গচ্চা যাচ্ছে ১৮৬১ কোটি টাকা

প্রকাশিত: , ১৬ নভেম্বর ২০২৬ | ৪:১৬ অপরাহ্ণ

সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্য এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক নতুন গবেষণায়। গত রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বি’র ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন।

গবেষণার তথ্য অনুযায়ী, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি। দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা গ্রহণকারী চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য খাতের প্রায় ১ লাখ ৮০ হাজার কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। শুধু ২০২১ সালেই অনিয়মের কারণে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল করতে হয়েছিল। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয়।

কমিশন বাণিজ্যের বিষয়টি গবেষণায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন গ্রহণ করেন। গবেষণার হিসাবমতে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা। যদিও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে এই পরিসংখ্যানটি স্বাধীনভাবে যাচাই করার প্রয়োজন রয়েছে। এছাড়া হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ বা ছাড়পত্রের বিনিময়ে অবৈধ অর্থ আদায়ের মতো হয়রানির কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। এর মধ্যে রয়েছে দালালের মাধ্যমে সেবা গ্রহণে বাধ্য করা, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো। এমন একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হয়েছে।

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ব্যাপক আর্থিক ক্ষতির চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে।

সেখানে ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। এমনকি কিছু সরঞ্জামের ক্ষেত্রে বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দাম পরিশোধের নজির রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএইচডব্লিউ জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা দেখা গেছে। ২০১০ থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়লেও মাত্র ২৯টির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭৯টি অভিযোগ এখনো নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। মেডিকেল কলেজের সংখ্যা ২০১০ সালের ৬২টি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ১১৮টিতে দাঁড়ালেও, মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থায় সেই অনুযায়ী কোনো অগ্রগতি হয়নি। ঘটনার পর ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্য জায়গায় বদলি করা হয়। কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি।

স্বাস্থ্য খাতের দুর্নীতির পেছনে দুর্বল সুশাসন, স্বার্থের সংঘাত এবং তদারকিব্যবস্থায় সমন্বয়হীনতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞ ডা. শামস এল আরেফিন। তার মতে, অনিয়মকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিই মূলত দুর্নীতিকে উৎসাহিত করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত অনুষ্ঠানে মন্তব্য করেন, কেবল শাস্তি দিয়েই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং পুরো স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কার প্রয়োজন। সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তার মতে, আর্থিক অনিয়ম কিংবা দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।

এই পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে বিএইচডব্লিউ। এর মধ্যে রয়েছে চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারে কমিশন বাণিজ্য আইনত নিষিদ্ধ করা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কোম্পানির সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। চিকিৎসায় অবহেলার অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও ক্ষতিপূরণের জন্য আইনি কাঠামো তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।

প্রতিবেদনের অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ ও বদলিতে ডিজিটাল তথ্যব্যবস্থা চালু করা, প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা, সরকারি কেনাকাটার তথ্য জনসমক্ষে প্রকাশ এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা প্রদান। এছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান হিসেবে মন্ত্রী, সচিব বা সংসদ সদস্যদের নিয়োগ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। একইসঙ্গে এই সংস্থাগুলোতে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত ও স্বাধীন আপিলব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে।