Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

গাজার শিশুদের আকুতি: আমাদের ভুলে যাবেন না

প্রকাশিত: , ২০ নভেম্বর ২০২৬ | ৬:১৭ অপরাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত শত শত শিশু বিশ্ববাসীর কাছে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার করুণ আকুতি জানিয়েছে। বিশ্ব শিশু দিবসের আগের দিন, বৃহস্পতিবার গাজা সিটির একটি তুর্কি স্কুলে আয়োজিত সংহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা নিজেদের মানবেতর পরিস্থিতি তুলে ধরে। আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, জীবন বাঁচাতে লড়াই করা এসব শিশু শিক্ষা, চিকিৎসা ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানিয়েছে এবং বিশ্ববাসীর প্রতি অনুরোধ করেছে, ‘আমাদের ভুলে যাবেন না।’

গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্কুলের আশপাশে তাঁবুতে আশ্রয় নেওয়া শত শত শিশু এই আয়োজনে অংশ নেয়। চলমান যুদ্ধ তাদের শৈশব, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষাজীবনের ওপর যে গভীর ক্ষতিকর প্রভাব ফেলেছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই ছিল এই সংহতি অনুষ্ঠানের মূল লক্ষ্য। স্কুল প্রাঙ্গণটি তুরস্ক ও ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং তুর্কি মানবিক সহায়তা সংস্থা আইএইচএইচের লোগোসহ বিভিন্ন ব্যানারে সাজানো হয়। শিশুদের অনেককেই ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক ও কেফিয়াহ পরিহিত অবস্থায় দেখা গেছে।

নিজেদের অধিকারের দাবি জানিয়ে শিশুরা বিভিন্ন ভাষায় লেখা ব্যানার ও নিজেদের আঁকা ছবি প্রদর্শন করে। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা এবং শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। অনুষ্ঠানটিতে বক্তব্য, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গাজার শিশুরা তাদের বেঁচে থাকার লড়াই ও যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দুর্দশার কথা স্মরণ করিয়ে দিয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানায়।

যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে বেড়ে ওঠা এসব শিশুর মূল বার্তা হলো—বিশ্ব যেন তাদের ভাগ্য নিয়ে উদাসীন না হয়। অধিকারহীন ও অবহেলিত জীবন থেকে মুক্তি চেয়ে তারা বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়ে যায়। যুদ্ধের কারণে মৌলিক সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই শিশুরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববাসীর কার্যকর ভূমিকার অপেক্ষায় রয়েছে।