
ক্রাইম এডিশন অনলাইন:
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই; অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে।
রাজধানীর জাসদ কার্যালয়ে সাম্প্রতিক পুলিশি অভিযান প্রসঙ্গে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন সদস্য একত্র হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের পর জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে প্রায় ২৮০ জনকে আটক করা হলেও তাদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, অভিযানে উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা এবং অন্যান্য অনুসন্ধানে যদি নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে অভিযানটি পরিচালিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ওই ঘটনা ঘটে। পরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি সরেজমিনে পর্যালোচনার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে এবং বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ থাকলে শুধু বদলি করেই বিষয়টি শেষ করা হবে না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা কিংবা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে মামলাও করা হচ্ছে।
এ ক্ষেত্রে আগের একটি ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা, মামলা ও গ্রেপ্তারের বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। পুলিশ বাহিনীতে অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলেও বক্তব্যে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ককটেল বিস্ফোরণ ও রাজপথের আন্দোলন নিয়ে সম্প্রতি এক নেতার দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেন। তবে ওই বক্তব্য নিয়ে বিস্তারিত মন্তব্য না করে বিষয়টি মূল্যায়নের দায়িত্ব সচেতন জনগণের ওপর ছেড়ে দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ে পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।




