Eng
আন্তর্জাতিক, লিড নিউজ

ইরানের দ্বীপে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

প্রকাশিত: , ৩ নভেম্বর ২০২৬ | ৯:৩১ অপরাহ্ণ




অনলাইন ডেস্ক:

ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, ওই দিন গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ঙ্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) তেলের দামও ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ৯৬ ডলার ৯৩ সেন্টে দাঁড়ায়।

এর আগে অবশ্য সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারে বিশ্ববাজারে তেলের মূল্যে বড় ধরনের পতন লক্ষ্য করা গিয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭.৬৩ শতাংশ হ্রাস পেয়ে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে এসেছিল। সেই মন্দা কাটিয়ে পরদিনই নতুন করে দরবৃদ্ধির ধারায় ফিরল জ্বালানি পণ্যটি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে অভিযান পরিচালনা করেছে। মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার দাবি, এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সম্পন্ন করা হয়েছে। হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালানোর যে সক্ষমতা ইরানের রয়েছে, তা খর্ব ও সীমিত করতেই এই হামলা চালানো হয় বলে তারা উল্লেখ করেছেন।