
ক্রাইম এডিশন অনলাইন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনা নিজে স্বেচ্ছায় দেশে ফিরুন অথবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের লক্ষ্য একই। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। পাসপোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার শেখ হাসিনার দেশে আসা ঠেকাতে চায় না, বরং তার ফিরে আসার বিষয়েই আগ্রহ রয়েছে। তিনি বলেন, তার পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক। তিনি আসার যোগ্য। তিনি নিজে আসুন অথবা তাকে ধরে নিয়ে আসতে যে প্রক্রিয়া প্রয়োজন, তা অনুসরণ করা হবে।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ট্রাভেল পাস বা দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেও শেখ হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক। তিনি যদি দেশে ফিরতে আগ্রহী হন, তবে পরিস্থিতি বিবেচনা করে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি চাইলে সরকার কী করবে তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে। তবে তিনি দেশে ফিরুন অথবা তাকে ধরে আনা হোক, সরকারের চাওয়া অভিন্ন।
আগের আওয়ামী লীগ সরকারের আমলের মতো বিরোধীদের দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি এভাবে দেখা সঠিক নয়। একটি স্বৈরাচারী ও গণতান্ত্রিক সরকারের আচরণের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা জরুরি। তিনি আরও বলেন, জনগণের কাছে ভিত্তিহীন তথ্য উপস্থাপনের পরিণাম সরকারকেই ভোগ করতে হয়। তাই সরকার যে কথা বলছে, তার যথাযথ ভিত্তি আছে। হাসিনার মতো বিরোধী দলকে কেবল দোষারোপ করার জন্য নয়, বরং দায়িত্বশীল জায়গা থেকেই সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।




