
ক্রাইম এডিশন অনলাইন:
ঐতিহ্যবাহী জিআই পণ্য হিসেবে স্বীকৃত যশোরের খেজুর গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতকরণ কার্যক্রম শুরু এবং গাছিদের নিয়ে এক বিশেষ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন। তিনি জানান, চৌগাছায় প্রায় দুই লাখ খেজুর গাছের মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে মৌসুমে ৮০ লিটার রস এবং প্রায় ১০ কেজি গুড় পাওয়া যায়। এ হিসাবে কেবল চৌগাছায় ৯ কোটি এবং পুরো জেলায় অন্তত ১০০ কোটি টাকার গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, সরকার এবার খেজুর গুড় বিদেশে রপ্তানির ক্ষেত্রে কার্যকর সহায়তা দেবে। ইতিমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গাছিদের মাঝে খেজুরের চারা, দা ও মাটির ভাঁড়সহ বিভিন্ন প্রণোদনা সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা।




