
ক্রাইম এডিশন অনলাইন:
চলতি শীত মৌসুমে বাংলাদেশ চারটি থেকে ছয়টি শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ নভেম্বর প্রকাশিত তিন মাসের এই দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, এর মধ্যে দুটি থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। এসব শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এছাড়া মৃদু শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহের ক্ষেত্রে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। ১ নভেম্বর প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ দমকা ও ঝোড়ো হাওয়াও বয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও শীতের অনুভূতি তীব্র হতে পারে।
চলতি বছরের অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাসটিতে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল, যার একটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয় এবং পরে প্রবল ও অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। গত ২ অক্টোবর সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ৬৪ মিলিমিটার রেকর্ড করা হয়। ওই মাসে ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়।
অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। সামগ্রিকভাবে ওই মাসে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
নভেম্বর মাসে মাটির আর্দ্রতা ২৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা থাকলেও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়ার এই পূর্বাভাসটি বিভিন্ন জলবায়ু মডেল, ঊর্ধ্বাকাশের বায়ুমণ্ডলীয় বিন্যাস এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।




