
শেখ হাসিনা দেশে ফিরলে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া তার সামনে অন্য কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার ১০ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আমিনুল ইসলাম স্পষ্ট করেন, পলাতক দণ্ডিত হিসেবে শেখ হাসিনার নামে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ বর্তমান সরকারের নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, দেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে পাসপোর্ট দেওয়া আইনত নিষিদ্ধ। একজন দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে ট্রাভেল পাস বা পাসপোর্ট প্রদান করা বিচারবিভাগীয় প্রক্রিয়ার সাথে উপহাসের শামিল। মামলা চলাকালে শেখ হাসিনা বিচার এড়িয়ে গেছেন এবং রায় প্রকাশের পর ৩০ দিনের নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আপিল করেননি। ফলে বর্তমানে তার পক্ষে আপিল করার আর কোনো আইনি সুযোগ নেই। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন।
লন্ডনের ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদনের প্রসঙ্গ টেনে তিনি একে হাস্যকর বলে আখ্যা দেন। কারণ হিসেবে তিনি জানান, পাসপোর্ট পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, তার দল বা নেতাকর্মীদের কেউই আবেদন করেননি। আইনগতভাবে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদনকারীকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয়। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।
শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তিনি বলেন, তিনি ভারতে রয়েছেন এমন কোনো আনুষ্ঠানিক দলিলপত্র ট্রাইব্যুনালের কাছে নেই। ভারত সরকার কেবল জানিয়েছে, মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মনে করেন, শেখ হাসিনার আসলে কখনোই বাংলাদেশে ফেরার সদিচ্ছা ছিল না। তার সদিচ্ছা থাকলে মামলা চলাকালীন তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করতেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর বলেন, আপনি যদি সত্যি দেশে ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিত আবেদন জানান। প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, সেই আবেদনই হবে সঠিক পথ। আপনি নিজে নিরাপদে পালিয়ে গিয়ে নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে রেখে গেছেন, এখন এমন অপতৎপরতা চালিয়ে দলের জন্য আরও বিপদ ডেকে আনছেন। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।
ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নামে ছড়িয়ে পড়া অডিও বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব অডিও বক্তব্য আদৌ তার কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত প্রামাণিক কোনো ভার্চুয়াল বক্তব্য পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।




